পাবনায় ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন
এ কে খান, পাবনা ব্যুরো :
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা রবিবার ২৮ জুন পাবনা পুলিশ লাইন্স মাঠে সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করেন।দ্বিতীয় দিনের পরীক্ষায় পুরুষ প্রার্থীদের জন্য ১,৬০০ মিটার ও নারী প্রার্থীদের জন্য ১,০০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়।

পাশাপাশি প্রার্থীদের লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পূর্ণ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছাড়াই যোগ্য প্রার্থী বাছাইয়ে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। পরীক্ষাকালে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ, সৎ ও জনবান্ধব পুলিশ সদস্য নিয়োগের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এমন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য পাবনা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ সকলের প্রতি আহবান জানান।
