পাবনায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

শেয়ার করুন:

​এ কে খান :

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
​বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাবনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা কমান্ড্যান্ট মো: মাহবুবুর রহমান সরকার।
​বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতসহ প্রাকৃতিক বিপর্যয় রোধে টেকসই পদক্ষেপ হিসেবে আনসার ও ভিডিপি দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। এর মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ দেশ গড়ে তোলা।”
​তিনি আরও জানান, বাহিনীর নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দুই পাশে চারা রোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সাথে সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে তৃণমূল পর্যায়ের আনসার-ভিডিপি সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ফরহাদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং পাবনা সদর পৌরসভার ওয়ার্ড দলনেতা-দলনেত্রী প্রমূখ।

শেয়ার করুন: