নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ও গীতিকার আলাউল হোসেনের লেখা ‘ওরে অবুঝ মন’ গানটি নিয়ে আসছেন তরুণ কণ্ঠশিল্পী জাহিদ সাহা। আরটিভি’র রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করা জাহিদ ইংরেজি নববর্ষ উপলক্ষে ভিন্ন আঙ্গিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন। সেই সাথে ভিডিও-কোরিওগ্রাফিতেও নতুন মাত্রা যোগ করা হয়েছে বলে জানা গেছে৷
ফেরদৌস তপনের সুরে গানটির সংগীতায়োজন করেছেন খন্দকার রাইসুর রহমান এবং ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ মারুফ। সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বিন্দু ও রিঝি।
পহেলা জানুয়ারি শনিবার বিকেল ৫ টায় একযোগে চ্যানেল পাবনা ও রাড স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী জাহিদ সাহা।
জাহিদ সাহা বলেন, আলাউল হোসেন স্যারের লেখা ‘প্রেম করা তো মুখের কথা নয়’ গানটিই আমার গাওয়া প্রথম মৌলিক গান। গানটি ইতোমধ্যে অনেক দর্শক শ্রোতার মন কাড়তে সক্ষম হয়েছে। তবে এবারের গানটি পুরোপুরিই ভিন্ন ও আকর্ষণীয় হবে আশা করি।
গীতিকার আলাউল হোসেন বলেন, শুদ্ধ সংগীতের শ্রোতাদের জন্য আমি গান লিখি। ‘অবুঝ মন’ গানের কথা ও সুরে বৈচিত্র্য আছে। আমি মনে করি- গানটি কিছু মানুষের ভালো লাগবেই।
