ঢাকায় পেশাজীবী দলের মহানগর উত্তর নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় : সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরিচিতি, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৫টায় রাজধানীর মতিঝিলে এনআরবিসি টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া সংগঠনের নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। এছাড়া দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব উপস্থিত থেকে নানা পরামর্শ মূলক বক্তব্য দেন। ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুজ্জামান খালিদ, সহসভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের সম্পাদকমণ্ডলী ও নির্বাহী কমিটির সদস্য প্রমূখ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতৃবৃন্দকে দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন। সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দকে এলাকা ভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল নির্মূলে উদ্যোগ গ্রহণ ও নাগরিকদের মধ্যে সচেতনতা মূলক প্রচার-প্রচারণা চালানোর তাগিদ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ত কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে পেশাজীবীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সাংগঠনিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে পেশাজীবী দলের ভূমিকা আরও জোরদারের প্রত্যাশা নিয়ে শেষ হয়।
