ঢাকায় আনসার ও ভিডিপি’র কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত : মহাপরিচালকের গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিশেষ প্রতিনিধি :
ঢাকা, ১৭ জুলাই ২০২৫ – বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর সভাপতিত্বে ১৭ জুলাই ঢাকার খিলগাঁও সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।টেলি কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে দেশের সকল রেঞ্জ কমান্ডার, ব্যাটালিয়ন অধিনায়ক, জেলা কমান্ড্যান্ট এবং জোন অধিনায়কগণ অনলাইনে ‘জুম অ্যাপ’-এর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন। সম্মেলনে সদর দপ্তরের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি উপমহাপরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ। মহাপরিচালক তাঁর বক্তব্যে ইউনিট কমান্ডারদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। জাতীয় দায়িত্ব পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতীত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আগামীতেও সেই ঐতিহ্য ধরে রাখার উপর জোর দেন। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে প্রস্তুত থাকার গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও, মহাপরিচালক বাহিনীর প্রশিক্ষণ কাঠামোকে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এ লক্ষ্যে সকল রেঞ্জ ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গঠনমূলক ও ফলপ্রসূ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন। এই কনফারেন্স বাহিনীর আগামী দিনের কর্মপরিকল্পনা এবং বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্যদের প্রস্তুতি ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
