ঢাকায় অসুস্থ অধ্যাপক ডা. পাভেলকে হাসপাতালে দেখতে গেলেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু
এ কে খান :
রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। শুক্রবার ১০জুলাই হাসপাতালে গিয়ে তিনি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি রোগীর সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। ডা. বিটু অধ্যাপক ডা. পাভেলের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। জানা গেছে, তাঁর হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতা দেখা দেওয়ায় প্রথমে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক ডা.মওদুদ হোসেন আলমগীর পাভেলকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ ছিলেন। দেশের চিকিৎসা অঙ্গনের অন্যতম বিশিষ্ট এই সার্জন দেশে-বিদেশে তাঁর অসামান্য অবদানের জন্য সুপরিচিত এবং ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন। তিনি বর্তমান বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নিবাহী উপদেষ্টা সহ বগুড়ার নানা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য প্রফেসর ডক্টর চিত্ত রঞ্জন মিশ্র, উপদেষ্টা আয়শা বেগম এবং পাবনা থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস’র উপদেষ্টা মোঃ আঃ খালেক খান পিভিএম এবং নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ।
ঢাকায় অসুস্থ অধ্যাপক ডা. পাভেলকে হাসপাতালে দেখতে গেলেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু
