আমিনপুর থানা আওয়ামীলীগের প্রথম সম্মেলনে ইউসুফ সভাপতি, বাবু সম্পাদক

শেয়ার করুন:

আমিনপুর থানা আওয়ামীলীগের প্রথম সম্মেলনে ইউসুফ সভাপতি, বাবু সম্পাদক

স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা আওয়ামীলীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন শনিবার (২১ মে) অনুষ্ঠিত হয়। দীর্ঘ জল্পনা–-কল্পনা শেষে স্থানীয় প্রবীণ রাজনীতিবিদ ইউসুফ আলী খানকে সভাপতি এবং বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমিনপুর থানা ফুটবল মাঠে সকাল থেকে দিনব্যাপী সম্মেলন শেষে প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বিকেলে এ ঘোষণা দেন। আগামী তিন বছরের জন্য তাদের এসব দায়িত্ব দেওয়া হলো।
বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যকরী সদস্য প্রফেসর মেরিনা জাহান এমপি, পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এ্যাড. শামসুল হক টুকু এমপি, মকবুল হোসেন এমপি, নুরুজ্জামান বিশ্বাস এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি ও সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু।
আওয়ামী লীগ নেতাদের প্রতিটি বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান দলের বক্তারা। বক্তারা বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। দেশে আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, যদি নিজেরা নিজেদের পরাজিত না করে।’
আমিনপুর থানা সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন বেড়া উপজেলার সর্বত্র ছিল সরগরম। পদ নিয়ে চলছিল নানা জল্পনা–-কল্পনা। সভাপতি পদে ৮ জন ও সম্পাদক পদের প্রত্যাশা করছিলেন ৭ জন নেতা। পোস্টার ও ব্যানারে ঢাকা পড়েছিল পুরো উপজেলা ও থানা এলাকা।
উল্লেখ্য, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৩ সালে আমিনপুর থানা প্রতিষ্ঠিত হয়। এর প্রায় ৮ বছর পর গত বছরের ১৪ সেপ্টেম্বর আমিনপুরকে সাংগঠনিক ইউনিট ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামীলীগ। এরপরই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা আওয়ামীলীগ। সুজানগর উপজেলার তিনটি এবং বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত আমিনপুর থানা আওয়ামীলীগের এটিই প্রথম সম্মেলন।

শেয়ার করুন: